ঢাকার বকশিবাজারে অবস্থিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ভবন ১৩ তলায় উন্নীত করতে নেওয়া হয়েছে ১৮১ কোটি টাকার প্রকল্প।
মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য বহুতল অফিস ভবন নির্মাণ’ শীর্ষক এ প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র জানায়, মাদরাসা শিক্ষা বোর্ডের বর্তমান জরাজীর্ণ ভবনে অফিস কার্যক্রম ঝুঁকিতে পড়েছে। নিরাপদ ভবনে অফিস কার্যক্রম নিশ্চিতকরণ, ঝড়-বৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে শিক্ষা বোর্ডের পরীক্ষার উত্তরপত্র ও বিবিধ গুরুত্বপূর্ণ রেকর্ডপত্রের নিরাপদ সংরক্ষণ জরুরি।
সেবা প্রত্যাশীদের সহজ, দ্রুত ও মানসম্পূর্ণ সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি এবং সার্বিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য ১৬ তলা ভিতবিশিষ্ট একটি ১৩ তলা অফিস ভবন নির্মাণ করা হবে।







