বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে গণমাধ্যমের নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। মঙ্গলবার (১২ মে) সকালে রাঙামাটিতে আলোচিত ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, গণমাধ্যম হলো জাতির দর্পণ। দেশের রাজনীতিসহ প্রতিটি বিষয়ে যাতে কোনো রকম অপপ্রচার না হয় সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
একইসাথে, পার্বত্য চট্টগ্রামের বিষয়ে অপপ্রচার রোধ ও অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এশিয়া পোস্ট রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







