ঢাকা টেস্ট শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, প্রথম ইনিংসে ৪০০ রান করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সেই প্রতিশ্রুতি পূরণের পথে এখন দৃঢ়ভাবেই এগিয়ে যাচ্ছে টাইগাররা। দায়িত্বশীল ও ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে স্বাগতিকদের।
দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্কোর বোর্ডে ইতোমধ্যে জমা হয়েছে বড় সংগ্রহ, ৪০০ রানের মাইলফলক থেকে এখন মাত্র ২০ রান দূরে অবস্থান করছে বাংলাদেশ।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেটে ৭৯ রান তুলেছে বাংলাদেশ। লাঞ্চে যাওয়ার আগে ৭১ রান নিয়ে এক প্রান্ত আগলে রেখেছেন মুশফিক। অন্য প্রান্তে আছেন ইবাদত।
শনিবার (৯ মে) মিরপুরে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতে লিটন দাস ও মুশফিকুর রহিম মিলে দারুণ একটি জুটি গড়ে তুলেছিলেন। তবে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। একবার ভাগ্যের সহায়তায় বেঁচে গেলেও শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ৬৭ বলে ৫টি চারে ৩৩ রান করেই সাজঘরে ফেরেন।
লিটনের পর সাজঘরের পথ ধরেন মেহেদী মিরাজও। ছক্কা মারার পরের বলেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। ১২ বলে একটি করে চার ও ছক্কায় ১০ রান করেন মিরাজ।
এরপর ক্রিজে এসে একেবারে স্বীকৃত ব্যাটারের ন্যায় বাউন্ডারির ফুলঝুরি ছড়ান তাইজুল ইসলাম। তবে আব্বাস আফ্রিদিকে পুল করতে গিয়ে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন ২৩ বলে ১৭ রান করা তাইজুল।







