দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরছেন বাংলাদেশের জনপ্রিয় স্টেজ পারফরমার আঁখি আলমগীর। প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘বৈশাখী মেলা ২০২৬’-এ অংশ নিতে ৮ এপ্রিল জাপানের উদ্দেশে রওনা হবেন তিনি। ১২ এপ্রিল মিসাতো সিটির লিতপিয়া পার্কে অনুষ্ঠিতব্য এ উৎসবে প্রধান আকর্ষণ হিসেবেই মঞ্চে উঠবেন আঁখি আলমগীর।
দীর্ঘ বিরতির পর জাপানে তার এ প্রত্যাবর্তনকে ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনুষ্ঠানে তার সঙ্গে সংগীতায়োজনে থাকবেন বাপ্পী, শাকিব, উজ্জ্বল ও রানা।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য জোরদার করাই এ মেলার মূল লক্ষ্য। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, সংস্কৃতি ও মিলনমেলার এক অনন্য আবহ তৈরি হবে বলে আশা আয়োজকদের।
জাপান সফর ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে আঁখি আলমগীর জানান, ২০০২ সালের শেষ দিকে প্রথমবারের মতো তিনি জাপানে একটি বড় আয়োজনে অংশ নিয়েছিলেন। সেই মঞ্চে তার সঙ্গে ছিলেন কুমার বিশ্বজিৎ, হানিফ সংকেত, বেবী নাজনীন, রবি চৌধুরী, ডলি সায়ন্তনী, মৌসুমীসহ আরো অনেকে। সময়ের ব্যবধানে এবার তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন মূল পরিবেশনায়, যা তার ক্যারিয়ারের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে ৫ এপ্রিল প্রকাশ পাচ্ছে আঁখি আলমগীরের নতুন মৌলিক গান ‘আমি মানে তুমি’। গানটির কথা লিখেছেন প্লাবন কোরেশি, সুর ও সংগীতে আছেন বেলাল খান, যিনি এই গানে আঁখির সহশিল্পীও। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
শিল্পীর ভাষ্য অনুযায়ী, এটি একটি রিদমিক ও শ্রুতিমধুর গান, যা শ্রোতাদের ভালো লাগবে বলেই তার প্রত্যাশা। উল্লেখ্য, আঁখি আলমগীর বাংলাদেশের একমাত্র শিল্পী, যিনি শৈশবে অভিনয় ও পরবর্তী সময়ে গান উভয় ক্ষেত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। শৈশবে পিতা আলমগীরের সঙ্গে ‘ভাত দে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং পরে তারই পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি এ সম্মানে ভূষিত হন।







