মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু ও যন্ত্রণাকে পুরো মানব পরিবারের জন্য একটি ‘কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান করেছেন তিনি। খবর আলজাজিরা।
রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় তিনি বলেন, ‘এত মানুষের কষ্ট এবং এই সংঘাতের শিকার নিরপরাধ মানুষদের দুর্দশার মুখে আমরা চুপ থাকতে পারি না।
তাদের যা কষ্ট দিচ্ছে, তা সমগ্র মানবজাতিকেই কষ্ট দিচ্ছে।
মধ্যপ্রাচ্য ও সহিংসতায় বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি ‘হতাশার’ সঙ্গে খেয়াল করছেন জানিয়ে পোপ বলেন, ‘আমি দৃঢ়ভাবে আমার আবেদন পুনর্ব্যক্ত করছি, আমরা যেন প্রার্থনায় অবিচল থাকি, যাতে শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ অবারিত হয়।’







