চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় আটক ভারতীয় নাগরিক রনজিত কুমার মন্ডলকে ফেরত দিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে ওই সীমান্তে অনুষ্ঠিত বিজিবি -বিএসএফের বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
আটক রনজিত কুমার ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলার হবিবপুর থানার ভবানিপুর গ্রামের তাপশ মন্ডলের ছেলে।
১৬-বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, গত বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে বারাকা বিলে মাছ ধরার সময় ভারতীয় নাগরিক রনজিৎ দুই বাংলাদেশি নাগরিকের (জেলের) সঙ্গে এসে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধানসুরা বাজারে আত্মগোপনে থাকেন।
তিনি জানান, বিষয়টি বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়। পরে ওই ভারতীয় নাগরিককে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধানসুরা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে রোকনপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।







