- বিএনপি থেকে বহিষ্কৃত অর্ধশতাধিক নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি মাত্র চার শব্দের একটি পোস্টে লিখেছেন, ‘হাঁস যেখানে আমি সেখানে’। তাঁর এই সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসটি নেটিজেনদের মাঝে বেশ কৌতূহল ও রহস্যের জন্ম দিয়েছে।
- দলীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এবং বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করার কারণে বহিষ্কৃত নেতাদের একটি বড় অংশকে আবারও দলে ফিরিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা করছে বিএনপি। সম্ভাব্য এই তালিকায় সাবেক সংসদ সদস্য ও স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতাসহ অন্তত অর্ধশতাধিক নেতার নাম রয়েছে বলে শোনা যাচ্ছে।
- দলে ফেরানোর আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম ফিরোজ, হাসান মামুন, সাইফুল আলম নিরব ও তাইফুল ইসলাম টিপু। দলীয় সূত্র বলছে, তৃণমূলের বিভেদ কমানো, সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
- এর আগে সোমবার (২৩ নভেম্বর) দেওয়া আরেকটি ফেসবুক পোস্টও আলোচনায় এসেছে। সেখানে তিনি বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। রুমিন লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।
- তিনি আরও লেখেন, আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।
- নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির সাতজন নেতা সংসদ সদস্য নির্বাচিত হন। তাদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আবদুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতাউল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।
- দলীয় সূত্রের দাবি, রুমিন ফারহানা ছাড়া অন্য কয়েকজনকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে। তবে কারা ফিরছেন, কবে ফিরছেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
- এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।







