বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, সফরসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দুটি সংগঠন অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি দিলেও দেশটির সরকার তা গুরুত্ব দেয়নি।
বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ দাবি করেন।
পরওয়ার বলেন,“ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি নির্ধারিত সব কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন।
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) নামে একটি ইহুদি সংগঠন এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামে একটি হিন্দু সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়।”
তিনি আরও বলেন, “তারা বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি প্রদান করে। তবে অস্ট্রেলীয় সরকার তাদের সেই বিবৃতিকে গুরুত্ব দেয়নি। মহান রবের অশেষ কৃপায় আমীরে জামায়াত তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন করেছেন।”
তিনি আরও বলেন, “বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রবাসী ভাই-বোনেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে বরণ করে নেন। তারা অত্যন্ত খোলামেলাভাবে নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা মাননীয় বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। আমীরে জামায়াত তাদের সব কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।”







