ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে দেশটির শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে হোয়াইট হাউস ও মার্কিন সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এবং আলোচনার বিষয়ে অবগত আরেক ব্যক্তির বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, ইরানের কট্টরপন্থী নেতাদের সরিয়ে দিলে যুদ্ধ শেষ করার পথ তৈরি হতে পারে বলে মনে করছেন প্রস্তাবের সমর্থকেরা। তাদের ধারণা, ইরানের শীর্ষ নেতাদের যেকোনো সময় খুঁজে বের করে হত্যা করার সক্ষমতা দেখাতে পারলে দেশটির ক্ষমতাসীনদের ওপর চাপ বাড়বে। এতে যুদ্ধ বন্ধ সমঝোতার সুযোগ তৈরি হতে পারে।
তবে ট্রাম্প প্রশাসন ও মার্কিন সামরিক বাহিনীর একাংশ এ পরিকল্পনার বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের ওপর হামলা চালালে দেশটির অবশিষ্ট নেতারা আরও কঠোর অবস্থান নিতে পারেন। এতে ভবিষ্যতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদের ওপর পাল্টা হামলার ঝুঁকিও বাড়তে পারে।
এদিকে ইরানের হুমকির কারণে সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তাও নিরাপত্তার কারণে একই ধরনের ব্যবস্থা নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ট্রাম্প এখনো বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন। গত সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, নতুন বছরের আগে বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ নাও নিতে পারেন। এদিকে পেন্টাগন তার সামনে সামরিক পদক্ষেপের বিকল্প আরও বাড়িয়েছে।
সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে ইরানে বড় পরিসরে সামরিক অভিযান আবার শুরু করা। এ ছাড়া দেশটির খার্গ দ্বীপের তেল স্থাপনা, কেশম দ্বীপের জ্বালানি অবকাঠামো এবং পিক্যাক্স মাউন্টেনের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন। বাবাকে হত্যার ওই হামলায় মোজতবাও আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও পেন্টাগন এনবিসি নিউজের সঙ্গে কোনো কথা বলেনি।







