রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে ‘রাবি সংস্কার আন্দোলন’। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে ‘মঞ্চ ২৪’-এর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এর মধ্যে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
রবিবার (২২ নভেম্বর) ছয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর নাম আলি ইমরান জিহাদ। তিনি ‘মঞ্চ ২৪’-এর সাংগঠনিক সম্পাদক।
অসুস্থ শিক্ষার্থীকে নিয়ে রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, “সকালে আমাদের এক সহযোদ্ধা জিহাদ অসুস্থ হয়ে পড়েন। পরে উপাচার্যের সহকারী মেডিকেল সেন্টার থেকে চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক পরীক্ষা করে তাকে স্যালাইন দেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে স্যালাইন দেওয়ার মতো ন্যূনতম সুবিধাটুকুও নেই। এটি অত্যন্ত দুঃখজনক।”
অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “বৈরী আবহাওয়া উপেক্ষা করে ছয় দিন ধরে আমরা এখানে অবস্থান করছি, রাত কাটাচ্ছি। আমাদের কষ্ট হচ্ছে, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরব না।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে আরিফ আলভি বলেন, “প্রক্টর স্যার দু-একবার কথা বলেছেন এবং ছাত্র উপদেষ্টাও কথা বলেছেন। কিন্তু উপাচার্য ও দুই উপ-উপাচার্যের পক্ষ থেকে প্রত্যাশিত আন্তরিকতা দেখতে পাইনি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, “আন্দোলনেরও একটি ধরন আছে। একবার গিয়ে আবার অবস্থান ধর্মঘট করে? তারা কথা বলছেন, আমরাও বলছি। বাংলাদেশের অন্য কোথাও এমনটা হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়েই দেখি, গুটিকয়েক শিক্ষার্থী বারবার বিভিন্ন ইস্যুতে ক্যাম্পাসে এ ধরনের কর্মসূচি পালন করছেন।”
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সংবাদ সম্মেলন করে রাকসুর নতুন নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতারা। এর পরদিন ১৭ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।







