সীমান্ত দিয়ে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোলে সতর্ক বিজিবি

Post Image
  • নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে ভারতীয় গণমাধ্যমে একের পর এক খবর প্রকাশের পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা গেছে। টহল ও মহড়া চালানোর পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

  • সম্প্রতি ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম প্রথম কলকাতা, জি ২৪ ঘণ্টা ও মুখপত্র পোস্টসহ বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে খবর প্রকাশের পর বেনাপোল সীমান্ত ঘিরে আলোচনা শুরু হয়।

  • ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রোববার সকালে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তারা হলেন, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।

  • জি ২৪ ঘণ্টার প্রতিবেদনের শিরোনাম, ‘রবিবারই বেনাপোল সীমান্ত পরিদর্শনে আওয়ামী লীগের ৪ শীর্ষ কর্তা, শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই বড় পদক্ষেপ’। প্রতিবেদনে চার নেতার সীমান্ত পরিদর্শনের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করা হয়েছে।

  • প্রথম কলকাতা ও মুখপত্র পোস্টের প্রতিবেদনেও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, সীমান্তবর্তী জেলাগুলোতে দলের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেছেন। ইতোমধ্যে মধ্যপর্যায়ের কিছু নেতাকর্মী দেশে ফিরেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে আরও নেতাকর্মী বিভিন্ন কৌশলে দেশে প্রবেশ করতে পারেন বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  • তবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের বসিরহাট-সাতক্ষীরা সীমান্তের ঘোজাডাঙা, মালদহ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মাহদীপুর-সোনামসজিদ এবং ত্রিপুরার একাধিক সীমান্ত চেকপোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। সবকটি পথ পর্যালোচনার পরই সম্ভাব্য প্রবেশপথ নির্ধারণ করা হবে বলে ওই সূত্রের দাবি।

  • এদিকে, একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের একাধিক সংগঠন। সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন শীর্ষ নেতা।

  • সমাবেশে বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই ধরনের বক্তব্য দেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও। তাঁর বক্তব্যে বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

  • ভারতীয় সূত্রে আরও জানা গেছে, আওয়ামী লীগের চার শীর্ষ নেতা বেনাপোল-পেট্রাপোল সীমান্ত অঞ্চল পরিদর্শনের পর সেখানে কয়েক দিন অবস্থান করতে পারেন। পরে তাদের আগরতলা যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে। তবে এ সফরের উদ্দেশ্য ও সময়সূচি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

  • পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ এবং শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান ঘিরে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ শেষ হওয়ার পর বাংলাদেশের বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা আরও দৃশ্যমান হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।

  • এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পথে যাতে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে বলেও তিনি জানান।

  • দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয়। পাশাপাশি আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন যাতায়াত করেন বিপুলসংখ্যক পাসপোর্টধারী যাত্রী। ফলে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে বিজিবির বাড়তি সতর্কতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

হঠাৎ কূটনীতি চাঙ্গা করে ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান

সীমান্ত দিয়ে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোলে সতর্ক বিজিবি

সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’

গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকার

মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, চাইলেন দোয়া

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেয়া ও কবর সরানোর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন আনিস আলমগীর

সর্বাধিক পঠিত

সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

ওসমান হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৭ বার পেছাল

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা রাকিব

বিডিআর হত্যাকাণ্ডে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই ও র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারপতি–বিচারকেরা

ঘুষ দাবির বক্তব্যে এমপি আমির হামজাকে নোটিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

মঙ্গলবার থেকে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি বাংলাদেশি

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব