নওগাঁর মহাদেবপুরে সবজিবাহী ভ্যানে বালুভর্তি ডাম্পট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার ভোরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। আহত সামন্ত একই গ্রামের রমেসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ডাম্পট্রাক (রংপুর মেট্রো ট-১১০০০৪) ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা ভ্যানে থাকা অন্য চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ। এছাড়া সামন্ত (৩০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন।







