জামায়াতকে কিছুই করতে হবে না, শুধু চুপ করে বসে থাকলেই বিএনপির পতন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট খালিদ মাহমুদ। বিএনপির সাংগঠনিক দুর্বলতা, প্রশাসনে নিয়ন্ত্রণহীনতা এবং আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনা তুলে ধরে এমন রাজনৈতিক মূল্যায়ন করেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন খালিদ মাহমুদ।
পোস্টে তিনি দাবি করেন, সারাদেশে বিএনপির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। ৫ আগস্টের পর দলটির বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগ থেকে আসা ব্যক্তিদের বড় অংশ জায়গা পেয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির দলীয় প্যাডে নাম থাকা ব্যক্তিদের একটি অংশও দলটির বিরুদ্ধে মাঠে নেমেছে বলে উল্লেখ করেন।
খালিদ মাহমুদ আরও দাবি করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের আধিপত্য রয়েছে। বিএনপি তাদের চিহ্নিত করে সরাতে পারছে না, আবার নতুন জনবল নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও সংকটে রয়েছে। বিশেষ করে নতুন নিয়োগে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঢুকে পড়তে পারে—এমন আশঙ্কায় বিএনপি পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দলটির নিবেদিতপ্রাণ জনবল, প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী সমর্থনের ঘাটতি রয়েছে। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠিত হওয়ার সুযোগ পেলে ঢাকার নিয়ন্ত্রণ নিতে খুব বেশি বেগ পেতে হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে খালিদ মাহমুদ বলেন, জামায়াত ছাড়া বিএনপির রাজনৈতিক সমীকরণ অসম্পূর্ণ। অতীতেও দলটির জামায়াতের সহযোগিতা প্রয়োজন ছিল, এখনো রয়েছে। তবে এবার জামায়াত সহজে বিএনপির পাশে দাঁড়াবে না।
পোস্টের শেষাংশে তিনি বলেন, গণভোটের জনরায় বাস্তবায়ন ছাড়া জামায়াত বিএনপিকে আর রাজনৈতিকভাবে রক্ষা করতে এগিয়ে আসবে না।







