ছাত্রশিবির ও ছাত্রদলের কমন এনিমি (শত্রু) ফ্যাসিস্ট হাসিনা ও আধিপত্যবাদী শক্তি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কক্সবাজার সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই, কারণ আমরা গত ১৬ বছর সবাই ভিকটিম ছিলাম। আমাদের কমন এনিমি এক। আমাদের কমন এনিমি হলো ফ্যাসিস্ট হাসিনা। আমাদের কমন এনিমি হচ্ছে আধিপত্যবাদী শক্তি, যারা গত ১৬ বছরে বাংলাদেশে গুম, খুন ও আয়নাঘর তৈরি করেছে।
অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন,“গত ১৬ বছরে দেশে গুম, খুন, আয়নাঘর এবং বিচারের নামে অবিচার হয়েছে। জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আবু সাঈদ, ওয়াসিমসহ আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
ছাত্ররাজনীতির প্রসঙ্গে সাদিক কায়েম বলেন,“মতের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। তবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে অস্ত্রের ব্যবহার, সন্ত্রাস, দখলদারত্ব ও চাঁদাবাজির সংস্কৃতি বন্ধ করতে হবে। অতীতে বিভিন্ন ক্যাম্পাসে গণরুম ও গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে। ক্যাম্পাসগুলোকে সহিংসতামুক্ত ও শিক্ষার্থীবান্ধব করতে হবে।”
তিনি আরও বলেন, “ছাত্ররাজনীতি হতে হবে মেধা, যোগ্যতা ও শিক্ষার্থীদের কল্যাণভিত্তিক। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। নির্বাচনে কে জয়ী হলো, সেটি বড় বিষয় নয়; বরং ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র চর্চা ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে সাদিক কায়েম বলেন, “শুধু ডাক্তার, প্রকৌশলী কিংবা বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখলেই প্রকৃত সফলতা আসে না। প্রকৃত সফল মানুষ সেই ব্যক্তি, যিনি মানুষের কল্যাণে কাজ করেন এবং সমাজের ক্ষতির কারণ হন না। জীবনের লক্ষ্য হওয়া উচিত মানবকল্যাণ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা করছেন, সেটি সফলতার একমাত্র মাপকাঠি নয়। সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস ও সময়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে যে কেউ সফল হতে পারেন। পাশাপাশি বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।