- বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি জানিয়েছেন, তার নির্বাচনি এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।
- আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে তিনি এ অভিযোগ করেন।
- জয়নুল আবেদীন বলেন, নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিশ্রুতি ছিল জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় এলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে বলে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় বিদ্যুৎ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না।
- তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী তার আগের বক্তব্যে ওই এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তবে শুধু এ ধরনের উপকেন্দ্র নির্মাণ করে বিদ্যুতের সংকট সমাধান সম্ভব হবে না।
- এ সমস্যা সমাধানে এলাকায় অন্তত ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
- সংসদ সদস্য বলেন, তার নির্বাচনি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিদ্যুতের চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে উচ্চক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের কাজ কবে নাগাদ শুরু হবে এবং কত দিনের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব হবে, সে বিষয়ে মন্ত্রীর কাছে স্পষ্ট জবাব চান তিনি।
- তিনি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার মাধ্যমে এলাকার মানুষের বিদ্যুৎ-সংকট নিরসনের আহ্বান জানান।







