এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন— ‍‍‍‍‍‍‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে’

Post Image

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে বিষয়টি সংসদে উত্থাপন করে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানতে চান, ঘটনার পরপরই দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছেন। অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি। একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলা যায় কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত বাড়িটির একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জনশূন্য ছিল। এর প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাত তাবাসসুমের বাবা-মা বসবাস করেন।

মন্ত্রী বলেন, “ওই টিনশেড ঘরে কেউ বসবাস করতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে।”

ঘটনার পরপরই প্রশাসনের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল। এ ছাড়া তিনি নিজে কথা বলে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠিয়েছেন।”

অগ্নিকাণ্ডটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা—তা খতিয়ে দেখতে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “একজন সংসদ সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ দল তদন্ত করছে।”

সংসদে বিজিবির প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে মন্ত্রী জানান, “ঘটনাস্থলের আলামত, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার চিহ্ন মেলেনি। এমনকি কোনো প্রত্যক্ষদর্শীও এ ধরনের তথ্য দেননি।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ঘটনাস্থলের দেয়ালসহ বিভিন্ন স্থানের ছবি এবং অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এর বৈদ্যুতিক সংযোগ দুর্বল ছিল। এ কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এটি প্রাথমিক ধারণা, চূড়ান্ত তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৭০৩, তারিখ ১২ নভেম্বর) করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অধিকতর তদন্তে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন— ‍‍‍‍‍‍‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে’

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা

ক্যাম্পাস জীবনের শুরু থেকেই ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিতে হবে

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম— জামায়াত আমিরের বক্তব্যে রাশেদ খাঁনের ক্ষোভ

এমপির বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না

সর্বাধিক পঠিত

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

জামায়াতের ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

‘ভুয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা আ.লীগের বি টিমের’