এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড

‘আওয়ামী লীগ দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী দায়মুক্তি দিচ্ছেন’— সংসদে ক্ষুব্ধ নাহিদ

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেরাই এ ঘটনার দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তাদের দায়মুক্তি দিচ্ছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে অনেক ভিডিও, ফুটেজ ও তথ্যের কথা উল্লেখ করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইরে থেকে কোনো একটি বস্তু নিক্ষেপ করার পর মুহূর্তেই পুরো বাড়িতে আগুন জ্বলে ওঠে।

তিনি বলেন, ‘ওই বাড়িটা কোনো পরিত্যক্ত বাড়িও ছিল না, কোনো গবাদিপশুর বাড়িও ছিল না, সেখানে কিন্তু মানুষ বসবাস করতেন। গতকাল রাতেও মানুষ ছিল। কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়-স্বজন ওই বাসায় থাকতেন। গতকাল রাতে মানুষও মারা যেতে পারতেন।’

নুসরাত তাবাসসুমকে কয়েক দিন ধরে ফোনে হামলার হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি করেন নাহিদ। তিনি বলেন, ‘নুসরাত তাবাসসুমকে গত কয়েকদিন ধরেই ফোনে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছিল হামলার। দুই দিন আগে তিনি কিন্তু একটি জিডিও করেছেন। ফলে এই ঘটনাগুলো কোনোটাই বিচ্ছিন্ন না।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী শক্তির উল্লাস দেখা গেছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগও নিজেরাই এ ঘটনার দায় স্বীকার করেছে বলে দাবি করেন তিনি। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন।

নাহিদ বলেন, তারা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার ব্যবস্থা করবেন, তা জানাবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি পুরো বিষয়টি অস্বীকার করার অবস্থান নিয়েছেন।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘বাসে আগুন লেগে মানুষ মারা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটতেছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, সমন্বয়কদেরকে রামদা দিয়ে কোপানো হচ্ছে—এই সামগ্রিক চিত্র হচ্ছে এই বাংলাদেশের বর্তমানে।’

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি এ ঘটনাকে অস্বীকার করে যান, তাহলে তাদের আর কিছু বলার থাকবে না। সরকারের ভূমিকা সম্পর্কে দেশের মানুষও দেখেছে, যখন বিরোধী দলের একজন সংসদ সদস্য ও গণঅভ্যুত্থানের একজন নেত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়, তখন সরকার কী ধরনের আচরণ করে।

এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি টিনশেড আধাপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িটি অনেকটা পরিত্যক্ত ছিল এবং সেখানে কেউ বসবাস করতেন না। ঘরটিতে কেয়ারটেকারের কিছু জুতা তৈরির সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা যায়। ওই বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাতের বাবা-মা বসবাস করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিজেও জেলা পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজিবির প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি। তাই প্রাথমিকভাবে সেখানে পেট্রোল বোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ঘটনাস্থলের ছবি, অডিও ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে বাড়িটির পুরোনো ও দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি অনুমাননির্ভর এবং তদন্ত শেষে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।

এ ঘটনায় দৌলতপুর থানায় ১২ নভেম্বর ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ তদন্ত করছে। অধিকতর তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হলে তা দেশের সবার জন্যই আতঙ্কের বিষয়। তিনি দ্রুত তদন্ত করে সংসদে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রস্তুতি নিয়েই এসেছেন এবং অনুমতি দিলে বক্তব্য দিতে পারবেন। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সংসদে ক্ষোভ জানালেন বিএনপির এমপি

দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সংসদে ক্ষোভ জানালেন বিএনপির এমপি

‘আওয়ামী লীগ দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী দায়মুক্তি দিচ্ছেন’— সংসদে ক্ষুব্ধ নাহিদ

সরকারি-বেসরকারী ৪-৫ জনের বিরক্তিকর বক্তব্য বন্ধ করলেই রাজনীতিতে ঐক্য ফিরবে: শিশির মনির

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন— ‍‍‍‍‍‍‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে’

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নে বিভ্রান্তির সুযোগ নেই : প্রতিমন্ত্রী ইশরাক

জামায়াতের ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

‘ভুয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা আ.লীগের বি টিমের’

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা

এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ, আমরা সেটা স্বীকার করি: রাশেদ খাঁন

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে