রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নাম্বার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম এই তিন যুবককে আটক করে পুলিশে দেন।
আটক ব্যক্তিরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় থাকেন।ছাত্রদল নেতা আবদুর রহিম জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাদের চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যান। তবে বাকি তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। তখন তারা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য তারা দুঃখও প্রকাশ করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।তবে আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানানো হয়নি। গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।







