- মাতারবাড়ি চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদে বিরোধী দলের বৈঠকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, গঙ্গা চুক্তি ও জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন বিষয়েও উদ্বেগ জানান।
- প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ি চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে।
- মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে তিনি এসব কথা বলেন। সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিকেল ৩টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। এতে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
- বৈঠকে মাতারবাড়ি প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির প্রহসন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা।
- বিরোধীদলীয় নেতা বলেন, দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।







