কুলাউড়ায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি মিনি ট্রাক আটকিয়ে মাছ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা-রাতে কুলাউড়া-মৌলভীবাজার মহাসড়কের কৌলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কুলাউড়া ছাত্রদলের তিন নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, মাছ বোঝাই করে একটি মিনি ট্রাক কুলাউড়া হয়ে মৌলভীবাজার যাচ্ছিল। ট্রাকটি কাদিপুর ইউনিয়নের কৌলা এলাকায় মেঘনা ব্রিক ফিল্ডের সামনে আসা মাত্রই লাল রঙের একটি পালসার মোটরসাইকেলে করে তিন যুবক এসে মিনি ট্রাকটির গতিরোধ করেন। পরে তারা গাড়ির চালক কামরান হোসেনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আঘাতের হুমকি দেয়।
এসময় তার সঙ্গী তারেক আহমদের সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা এবং গাড়িতে থাকা শোল মাছগুলো নিয়ে যায়। ঘটনার পর জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারই গ্রামের আলী হোসেনের ছেলে কামরান হোসেন কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে কুলাউড়া উপজেলার মনসুর এলাকার ইসরাইল বক্স প্রকাশ বদউল্লার ছেলে ও কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমান উদ্দিন রাজ, আব্দুর রহিমের ছেলে ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মেহেদি হাসান খান এবং নিয়ামত মিয়ার ছেলে ও কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন আরিয়ান খান। এছাড়াও দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামা আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।







