ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের হামলার পর বন্ধ থাকা সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল রোববার থেকে চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১ নম্বর টার্মিনাল দিয়ে অভ্যন্তরীণ এবং ২ নম্বর টার্মিনাল দিয়ে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে। তবে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক যাত্রী বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে। যাত্রীদের বুকিং ও ফ্লাইটের অবস্থা যাচাই করতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করে, তারা রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়ানবুতে সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর স্থাপনা। এ ছাড়া সৌদি আরবের রাবিগ তেল শোধনাগার ও দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনেও হামলা চালানোর দাবি করেন তিনি।
সারি আরো দাবি করেন, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটিও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। রিয়াদ, ইয়ানবু, দাম্মাম ও রাবিগসহ বিভিন্ন স্থানে হামলা চালানোর দাবি করেছে হুথিরা।
এদিকে, সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ আখ্যা দিয়ে সেখানে যাতায়াত না করতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের প্রতি আবারও সতর্কবার্তা দিয়েছে হুথিরা।
সৌদি আরবে ফ্লাইট স্থগিত এয়ার ইন্ডিয়ার
অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিনা খরচে নতুন করে টিকিট বুকিং অথবা পুরো অর্থ ফেরত নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে বিমান সংস্থা দুটি।
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী, রিয়াদ ও দাম্মামে যাওয়া-আসার ফ্লাইট ৭ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। আর জেদ্দাগামী ও জেদ্দা থেকে ছেড়ে আসা ফ্লাইট স্থগিত থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এএম







