দুনিয়াতে নয়, দুনিয়া ছাড়ার পরের ঠিকানায় যেন একটু বিশ্রামের ব্যবস্থা হয়— এমন চাওয়ার কথা ব্যক্ত করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, ‘আমার প্রিয় চিকিৎসক আমাকে পরামর্শ দিয়েছিলেন, ‘আপনি বাসায় এক সপ্তাহ বিশ্রাম নেবেন।’ আমি হাসলাম। তিনি বললেন, ‘হাসলেন কেন?’ ভাই, আমার বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। আমি তাই বিশ্বাস করি।’
সম্প্রতি পাবলিক নিউজ বিডিতে প্রকাশিত ভিডিওতে তাকে এসব কথা বলতে দেখা যায়।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “আজকে আপনারা সকালে আমার চেহারা দেখতে পাচ্ছেন। আপনাদেরই একজন ভাই, একজন ডাক্তার সাহেব আমাকে বললেন, ‘আপনার কি সোরিয়াসিস, নাকি অ্যালার্জি? মুখে এমন দেখা দিয়েছে কেন?’ আমি বললাম, কোনোটাই না। মুখের এই অবস্থা হয়েছে কারণ, গত পরশুদিন আমার একটি লেজার সার্জারি হয়েছে।”
তিনি বলেন, “আমার প্রিয় চিকিৎসক আমাকে পরামর্শ দিয়েছিলেন, ‘আপনি বাসায় এক সপ্তাহ বিশ্রাম নেবেন।’ আমি হাসলাম। তিনি বললেন, ‘হাসলেন কেন?’ ভাই, আমার বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। আমি তাই বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “আমাকে দরদের সঙ্গে অনেকে বলেন, ‘একটু শরীরের দিকে খেয়াল রাখবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন।’ আমি নীরবে আমার আল্লাহকে বলি, আল্লাহ, আমার যখন দুনিয়া ছাড়ার সময় আসবে, এরপর যে ঠিকানা, সেই ঠিকানায় আমাকে একটু আরামদায়ক বিশ্রামের ব্যবস্থা করে দিয়েন। এ দুনিয়ায় বিশ্রাম নিতে আসিনি।”
ডা. শফিকুর রহমান বলেন, “জানি না, কোন অবস্থায়, কোথায় আমার মৃত্যু হবে। আদৌ কপালে কোনো জানাজা জুটবে কি না, কোনো কবরের সন্ধান হবে কি না—কোনো আফসোস নেই। দ্বীনের পথে চলতে চলতে কাকপক্ষী কিংবা বিভিন্ন প্রাণী যদি গোশত টুকরো টুকরো করেও খেয়ে ফেলে, তাতেও কোনো আফসোস নেই। চলাটা যেন আল্লাহর পথে হয় এবং শুধু আল্লাহ তাআলার জন্য হয়। তাহলে আল্লাহ যে অবস্থায় কবুল করেন, আলহামদুলিল্লাহ।”







