বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান। এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলার দায়িত্বশীলদের কর্মশালায়ও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
বিরোধীদলীয় নেতার এ সফরকে কেন্দ্র করে সম্মেলনস্থলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।







