স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের বিচার আমাদের করা লাগবে না। বিএনপিই কিছুদিনের মধ্যে সালাহউদ্দিনের বিচার করবে। বিএনপি যে প্রতারণার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ৯০ এ তারা প্রতারণা করেছে। ঠিক একইভাবে ২৪এ প্রতারণা করল। এই প্রতারণার বিচার আমাদের করা লাগবে না। এ জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।
রবিবার জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মুক্ত আলোচনায় এসব কথা বলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার ১ বছর: সালতামামি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি ১৭ বার প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, জুলাই সনদের যেসব সংস্কার প্রস্তাবে বিএনপির কোনো ভিন্নমত (নোট অব ডিসেন্ট) ছিল না, সেগুলোর মধ্যে ১৭টি ইতিমধ্যে লঙ্ঘন করেছে দলটি।
হাসনাত অভিযোগ করেন, জনঅভিযোগ নিষ্পত্তি সেল গঠন, স্বাধীন পুলিশ কমিশন প্রতিষ্ঠা, হিসাব ও নিরীক্ষা বিভাগ পৃথক করা, সরকারি ক্রয় ও নিরীক্ষার তথ্য উন্মুক্ত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মতো বিভিন্ন সংস্কার বাস্তবায়নে বিএনপি উদ্যোগ নেয়নি। এ ছাড়া বিচারক ও কর্মচারীদের সম্পদের বিবরণী প্রকাশ এবং সচিবালয়ে বিগত সময়ে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।
বিএনপি ক্ষমতায় এসে জুলাই সনদের বিভিন্ন প্রতিশ্রুতি ভঙ্গ করছে অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, নির্দিষ্ট কিছু ব্যবসায়ী ও সুবিধাভোগীর স্বার্থে রাষ্ট্রকে ব্যবহার করা হচ্ছে। সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার কার্যক্রম পরিচালনার পক্ষেও মত দেন তিনি।
অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ ছাড়া এলডিপির সভাপতি অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।







