তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। এই পদে দায়িত্ব পালনের সময় বেতন-ভাতাসহ কী কী সরকারি সুযোগ-সুবিধা পাবেন তিনি?
তথ্য অধিকার আইন অনুযায়ী, প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে।
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের আনুষ্ঠানিক পদমর্যাদা বা ক্রমবিন্যাসের তালিকায় দেখা যায় প্রধান তথ্য কমিশনার পদটির অবস্থান ১৬ নম্বরে। এই ক্রমিক নম্বটি সচিব পদমর্যাদার। তাহলে ধারণা করা যায়, একজন সচিবের সমমান সুবিধা পাবেন ড. নাহরিন ইসলাম খান। নতুন পে-স্কেলে সচিবদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে গ্রেড-১। অর্থাৎ ১ লাখ ৫৬ হাজার টাকা। পাশাপাশি পদাধিকারের আনুষঙ্গিকও সুবিধা পাবেন।
সরকারি বিধি অনুযায়ী, পদটির সঙ্গে নির্ধারিত বেতনের পাশাপাশি পাবেন আবাসন বা বাড়িভাড়া সুবিধা। দাপ্তরিক কাজের জন্য গাড়ি ব্যবহারের সুযোগ। এ ছাড়া দায়িত্ব পালনের প্রয়োজনে জ্বালানি, চালক ও যানবাহন-সংক্রান্ত ব্যয়ও প্রযোজ্য বিধি অনুযায়ী বহন করা হতে পারে।
এর বাইরে দাপ্তরিক কাজে দেশ-বিদেশে ভ্রমণের জন্য যাতায়াত ও দৈনিক ভাতা, চিকিৎসাসংক্রান্ত সুবিধা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহায়ক কর্মী ও নিরাপত্তা-সংক্রান্ত সুবিধাও বিধিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
গত শনিবার, ১৭ অক্টোবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ড. নাহরিন ইসলাম খানের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।







