দীর্ঘ ১৭ বছর প্রতিকূলতা ও প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (১৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী।
রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতের প্রকোপসহ বিভিন্ন জাতীয় সংকটে প্রবাসে থেকেও তিনি নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়েও সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করতে অনলাইনে সায়েন্স এক্সিবিশনসহ নানা ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে। এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ ও চিকিৎসাসহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।







