একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার লাঞ্চের গল্প শুনিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারকে ঘিরে উঠছে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। এটাই কি তাহলে প্ল্যান— এমন প্রশ্ন তুলেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
সম্প্রতি দৈনিক ওয়াদা নামক একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীনে ৩৪২ কোটি টাকা প্রকল্পে অনিয়ম-দুর্নীতিসহ স্বাস্থ্যমন্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ তথ্য সামনে আসার পর নিজের ফেসবুক একাউন্টে আজ শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেছেন।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন,“ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট/প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি বাগিয়ে নেয়।”
তিনি বলেন,“দেশে কর্মসংস্থান নাই, বাজারে স্বস্তি নাই, ইনভেস্টমেন্ট নাই—আছে শুধু মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। কোনো মন্ত্রীর ছেলে, কোনো মন্ত্রীর স্ত্রী, আবার কোনো মন্ত্রীর ভাই,এভাবেই বারবার আলোচনায় আসছে ক্ষমতাবানদের স্বজনদের নাম।”
কুমিল্লার ৪ আসনের এই সংসদ সদস্য বিএনপি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুূলে বলেন,“একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার লাঞ্চের গল্প শুনিয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারকে ঘিরে উঠছে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। জনগণকে সাশ্রয়ের নসিহত, আর ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ। এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?”







