আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) তিন দিনের ছুটি ঘোষণা করেছে।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিজিএমইএ-এর ঢাকা ও চট্টগ্রাম অফিসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তিন দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে উভয় অফিসের দাপ্তরিক কার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে। সরকার নির্ধারিত শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ছুটি পাচ্ছে পোশাক শ্রমিকরা।
ছুটিকালীন সময়ে জরুরি সেবা প্রদান প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউডিসহ (ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন) অন্যান্য জরুরি ও প্রয়োজনীয় সেবা চালু রাখতে বিজিএমইএ-এর কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা নিজ নিজ শাখার প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে সেবা ও কার্যক্রম পরিচালনা করবেন।
বিজিএমইএ’র মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সকল কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের অবগতির জন্য জারি করা হয়েছে।







