বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

Post Image

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বিটিএমএ বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা ছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, জামায়াত আমির সভার শুরুতেই বিটিএমএ নেতাদের স্বাগত জানিয়েছেন এবং বিরোধী দল হিসেবে দেশের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব থাকে; সরকারের সব কাজের বিরোধিতা করা পূর্বের বিরোধী দলগুলোর মতো সেই কালচার এই বিরোধী দলের নয় বলে জামায়াত আমির আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, আমাদের পার্লামেন্টে বর্তমান বিরোধী দল যে পলিসি অনুসরণ করছে—সরকারের সব ভালো কাজে আমরা সহযোগিতা করব, সব জনস্বার্থবিরোধী কাজে আমরা প্রতিবাদ করব এবং তাদের ভুল আমরা ধরিয়ে দেব। সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যাবে, তার প্রতিবাদ করা, সমালোচনা করা, প্রয়োজন হলে প্রতিরোধ করা—এ ভূমিকা গঠনমূলকভাবে আমরা পালন করব, সেটা তিনি বলেছেন। কোরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, এটি আল্লাহ তাআলারই বিধান; আল্লাহই বলেছেন যে, তোমরা সব ভালো কাজে সহযোগিতা কর, মন্দ কাজে তোমরা বাধা দাও।

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের প্রাণশক্তি হচ্ছে শিল্প খাত এবং বিটিএমএ সেখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, সেটা জামায়াত আমির বলেছেন এবং সেই খাতের সমস্যা ও চ্যালেঞ্জগুলো শোনার জন্য তিনি আগ্রহ ব্যক্ত করেছেন। উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বিটিএমএ নেতারা তাদের কথাগুলো বলেছেন এবং জামায়াত আমির আশ্বস্ত করেছেন, আপনারা ইনশাআল্লাহ পারবেন, যেহেতু আপনাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে এবং আপনাদের নিজেদের ব্যবসা ও পেশার প্রতি আন্তরিকতা ও সিনসিয়ারিটি আছে; আপনাদের পাশে আমরা থাকব এবং জাতীয় সংসদে আমরা আমাদের ভূমিকা পালন করব।

তারা বলেছেন, আপনার বক্তব্য শুনে আমরা বুঝতে পেরেছি যে, আপনি আমাদের সব সমস্যা বুঝতে পেরেছেন। এই খাতের বিনিয়োগ প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার। এত বড় গুরুত্বপূর্ণ একটা খাতের কিছু সমস্যার কথা তারা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দুবার দেখা করেছেন, খাতের সমস্যাগুলো তার দৃষ্টিতে এনেছেন, একটি বিশেষ কমিটি গঠন করেছেন এবং সব দিক থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ সময় বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং মিয়া গোলাম পরওয়ার আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, সময় দিয়ে আমাদের কথা শুনেছেন।

তিনি বলেন, আমরা তাদের অবহিত করেছি, আমাদের টেক্সটাইল খাত একটি খুবই গুরুত্বপূর্ণ খাত, এখানে ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগ আছে। আমাদের এই খাতের মাধ্যমে পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রির চাহিদা পূরণ হয় এবং আমরা কাঁচামাল দিয়ে এই শিল্পকে সমর্থন করি। এই সমস্ত বিষয় আমরা সুন্দরভাবে আলোচনা করেছি এবং বিরোধীদলীয় নেতাকে অবহিত করেছি যে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এই সমস্যাগুলো আমরা সরাসরি সরকারকে জানিয়েছি। সরকার আমাদের বিভিন্ন সময়ে সুযোগ দিয়ে আমাদের বিভিন্ন সমস্যা অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছে এবং এগুলো সমাধানের আশ্বাস দিয়েছে। বারবার প্রধানমন্ত্রী নিজে আমাদের সময় দিয়েছেন, আমাদের কথা শুনেছেন এবং অনেক সমস্যা ইতিমধ্যেই সমাধান করেছেন; কিছু কিছু সমস্যা নিয়ে আমরা এখনো কাজ করছি, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি।

বিটিএমএ নেতা বলেন, বিরোধীদলীয় নেতা আমাদের আশ্বস্ত করেছেন—সরকারের সঙ্গে আলোচনা করে এবং সহযোগিতা করে এই সমস্যাগুলো যেন তাড়াতাড়ি সমাধান করা যায়, সে ব্যাপারে তিনি আলোকপাত করবেন। আজকের আলোচনার মূল বিষয় ছিল আমাদের পরিচিতি পর্ব এবং তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া, যা আমরা পেয়েছি। এজন্য বিরোধীদলীয় নেতা ও তার সহকর্মীদের সবাইকে বিটিএমএর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম সরকার বলেন, বিরোধীদলীয় নেতার কাছে আমাদের প্রত্যাশা ছিল পরিচিত হওয়া এবং সচরাচর গণমাধ্যমে যে কথাগুলো তিনি শোনেন, সে বিষয়ে আলোচনা করা। তার কিছু প্রশ্ন ছিল এবং আমাদের সমস্যার ব্যাপারে আমরা তাকে জানিয়েছি।

সমস্যা সম্পর্কে তিনি বলেন, আমাদের ইনসেন্টিভের সমস্যা, গ্যাস-বিদ্যুতের সমস্যা, এলডিসি উত্তরণে (গ্র্যাজুয়েশনে) যেসব চ্যালেঞ্জ আসবে তা নিয়ে সমস্যা এবং বিভিন্ন ট্যাক্সের বাধা নিয়ে সমস্যা—সেগুলো সরকারকে আমরা নিয়মিতই বলছি। সরকারও সেগুলোর অনেকটাই এরইমধ্যে সমাধান করেছে এবং বাকিগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা চলছে। সেগুলো আমরা বিরোধীদলীয় নেতাকেও অবহিত করেছি। তিনি সংসদে এ বিষয়ে কথা বলবেন এবং সরকারের সঙ্গে এ ব্যাপারে কাজ করার আশ্বাস দিয়েছেন।

বাটেক্সপো মেলার সমাপনীতে বিরোধীদলীয় নেতাকে দাওয়াত না দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘকালের ঐতিহ্য হলো এই মেলার উদ্বোধন দেশের প্রধানমন্ত্রী করেন এবং সমাপনীতে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি থাকেন। এবারই তার ব্যতিক্রম হয়েছে এবং আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই নজিরবিহীন ঘটনার ব্যাপারে বিজিএমইএর দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে বিবৃতি দিয়েছি।

তিনি বলেন, এ ধরনের দৃষ্টিভঙ্গি রাখাটা খানিকটা রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের দৃষ্টিতেই দেশবাসী দেখবে। অর্থনীতির কোনো গুরুত্বপূর্ণ খাতকে রাজনীতিকরণ বা দলীয়করণের মধ্যে বন্দী করে ফেললে ব্যবসায়িক খাতে ভুল বার্তা যাবে। সেটি উল্লেখ করে আমরা বিবৃতিতে বলেছি, এখনো সময় আছে, কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে বিরোধীদলীয় নেতাকে সমাপনীতে প্রধান অতিথি করার উদ্যোগ নিতে পারে।

মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে