হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধারের মামলায় দুই বিমানকর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-মানিক মিয়া এবং মিজানুর রহমান। এদিন তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
‘রানওয়েতে গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করা হয়’
তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের পরিহিত জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের সংখ্যা ৮০টি। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। যার বাজার মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
এ ঘটনায় রবিবার বিমানবন্দর থানায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমসের রুহানী ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।







