গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভয়াবহতা তুলে ধরতে আগে ও পরের স্যাটেলাইট ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবিগুলোর সঙ্গে দেওয়া দীর্ঘ পোস্টে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
পোস্টে ইসরায়েলের নাম উল্লেখ না করে জোলি লিখেছেন, ‘এখন গুগল আর্থ খুলে দেখলেই বোঝা যাবে গাজার কী অবস্থা করা হয়েছে।’
গাজার বিভিন্ন এলাকার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘পুরো পাড়া-মহল্লা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’ মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
জোলির দাবি, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।
তবে ত্রাণ ও আশ্রয় নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে এখনো বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে বলে জানান তিনি।
স্যাটেলাইট ছবির প্রসঙ্গে জোলি বলেন, ‘গুগল আর্থ অসাধারণ স্পষ্টতার সঙ্গে ধ্বংসযজ্ঞের চিত্র দেখাচ্ছে।’
শীত আসার আগে গাজার মানুষের জন্য জরুরি ভিত্তিতে আশ্রয়ের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি প্রয়োজনীয় মাত্রায় বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো এবং হাসপাতালগুলোতে চিকিৎসাসামগ্রী সরবরাহ নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের দুর্দশা নিয়ে এর আগেও সরব হয়েছেন জোলি। দীর্ঘদিন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার সঙ্গে কাজ করা এই অভিনেত্রী বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলের মানবিক সংকট নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছেন।







