আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী জায়েফ খান নাদিম। একই সঙ্গে তিনি দাবি করেছেন, জামায়াত অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় বেশি সুসংগঠিত এবং দলটির নিজস্ব রাজনৈতিক পরিকল্পনা রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন জায়েফ খান নাদিম। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও সুসংগঠিত রাজনৈতিক দলগুলোর একটি জামায়াত। দীর্ঘ সময় রাজনৈতিকভাবে পিছিয়ে থাকলেও দলটি কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা জানে বলে মন্তব্য করেন তিনি।
জায়েফ খান বলেন, জামায়াতের পরিকল্পনা, সাংগঠনিক শৃঙ্খলা ও ‘চেইন অব কমান্ড’ বর্তমানে শক্তিশালী। তার দাবি, দেশের অন্য কোনো রাজনৈতিক দল এতটা সুসংগঠিত নয়।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ভূমিকার কারণে দীর্ঘদিন জামায়াত কিছুটা আড়ালে ছিল। তবে বর্তমান প্রজন্মের নেতাকর্মীরা সেই রাজনৈতিক বোঝা থেকে বের হয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গে জায়েফ খান দাবি করেন, ওই নির্বাচনেই জামায়াত ক্ষমতায় আসতে পারত এবং জনগণের সমর্থনও দলটির দিকে ছিল। তবে তার ভাষ্য, জামায়াত তখন ক্ষমতায় যেতে চায়নি; বরং নিজেদের নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে।
আগামী দিনের রাজনীতি নিয়ে নিজের পূর্বাভাস তুলে ধরে জায়েফ খান বলেন, বর্তমান সরকারের পর জামায়াত ক্ষমতায় আসবে এবং দীর্ঘ সময় দেশ পরিচালনা করবে। তার দাবি, জামায়াতের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং পরে আবার জামায়াত ক্ষমতায় আসতে পারে।
এ সময় আওয়ামী লীগ ও বিএনপির ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন তিনি। তার ধারণা, আওয়ামী লীগ ২২ থেকে ২৫ বছর পর আবার ক্ষমতায় ফিরতে পারে। অন্যদিকে বিএনপির আগামী কয়েক দশকে ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই বলেও দাবি করেন তিনি।







