রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
জানা গেছে, সন্ধ্যায় শিকর পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই সময় বাসটিতে যাত্রী ছিল কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।







