জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান শেষে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনুষ্ঠানের শেষ মুহূর্তের সংঘর্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
পোস্টে জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের বিভিন্ন ক্যাম্পাসে নবীন বরণ আয়োজনের মতো ছাত্রদলও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীনদের বরণে কার্যক্রম হাতে নিয়েছে। এ উদ্যোগের জন্য ছাত্রদলকে অভিনন্দন জানাতে চেয়েছিলেন তিনি এবং ভবিষ্যতে অন্যান্য ক্যাম্পাসেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেছিলেন।
তবে নবীন বরণ অনুষ্ঠান শেষে দুই গ্রুপের মধ্যে মারামিলির ঘটনায় প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, নবীন বরণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়ের সূচনা। এ ধরনের অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও সহাবস্থানের বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়ার প্রত্যাশা থাকে।
ছাত্রদল সভাপতি রাকিবের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে কর্মীরা তাঁর সম্মানে এমন ঘটনা এড়িয়ে চলতে পারতেন বলেও মন্তব্য করেন জাহিদুল ইসলাম।
তিনি প্রশ্ন তোলেন, নবীনদের বিভিন্ন বিষয়ে নসিহা করার পাশাপাশি একটি সফল নবীন বরণ অনুষ্ঠান কীভাবে দুই গ্রুপের মারামারির মধ্য দিয়ে শেষ করতে হয়—সেই কৌশলও কি ছাত্রদল শিক্ষার্থীদের শেখাতে চায়?
ভবিষ্যতে ছাত্রদলের নবীন বরণ কার্যক্রম আরও শান্তিপূর্ণ ও ইতিবাচকভাবে অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশাও জানান ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি।







