টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি কখনোই সম্মানজনক হতে পারে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু বন্ধ হওয়ার পরও চাঁদাবাজি কেন বন্ধ হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারি দলের লোকজন বিভিন্ন স্থানে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তিনি বলেন, যুগে যুগে শ্রমিকরা অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন। তাই যেকোনও অশুভ শক্তির বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে। তার ভাষায়, গণরায়কে অস্বীকার করা মানে দেশের মানুষকে অপমান করা।
দেশের অবস্থার কোনও পরিবর্তন হয়নি— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, নৈতিক অবস্থান থেকে বিএনপির ক্ষমতায় থাকার সুযোগ নেই।
তিনি অভিযোগ করেন, চাঁদাবাজদের হাতে শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এ সময় শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি সব ধরনের অন্যায় থেকে বিরত থাকা এবং অন্যায়কে প্রশ্রয় না দেয়ার শপথ নেয়ার আহ্বান জানান।
সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা আতিকুল ইসলাম বলেন, সড়ক খাতের সব অপরাধের দায় শ্রমিকদের ওপর চাপানো যাবে না। অতীতের মতো পরিবহন খাতে নতুন করে কোনও মাফিয়া চক্র গড়ে উঠতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, শ্রমিকদের ওপর কোনও ধরনের জুলুম-নির্যাতন বরদাশত করা হবে না। একই সঙ্গে বাস ও ট্রাক টার্মিনালের নিয়ন্ত্রণ যাতে কোনও গোষ্ঠী দখল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।







