বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে ‘ওয়ার্ল্ড ক্লাব টি-টোয়েন্টি’ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে আইসিসি। আর এই ঐতিহাসিক উদ্যোগকে সফল করার লক্ষ্যে গঠিত ‘ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটি’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল।
আজ বুধবার এক বিবৃতিতে তামিমকে ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান করার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই গুরুত্বপূর্ণ কমিটিতে তামিমের নেতৃত্বে কাজ করবেন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো ক্রিকেট বিশ্বের প্রভাবশালী সব কর্মকর্তারা।
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটিতে আরও রয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ এবং ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন।
কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আইসিসি সভায়। সংস্থাটি বাংলাদেশকে নিয়ে জানিয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্যদের পরিচালক হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি।'
এদিকে শ্রীলঙ্কান বোর্ডকে দ্রুত নির্বাচিত কমিটি আনার জন্য আহ্বান জানিয়েছে আইসিসি। আপাতত শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না। আইসিসির সদস্যপদ–সংক্রান্ত মানদণ্ড লঙ্ঘনের কারণে ফ্রান্স ক্রিকেটকে 'অন নোটিশ' বা সতর্ক অবস্থায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কানাডার সদস্যপদ পুনর্বহালের জন্য বেধে দেওয়া হয়েছে শর্ত, যাদের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে।
অন্যদিকে, আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পাশে দাঁড়িয়েছে আইসিসি। তাদের ঘুরে দাঁড়ানোর জন্য সংস্থাটি ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দেড়শ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।







