ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সম্পাদক সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্ব ছেড়েছেন। দলীয় সূত্রের দাবি, তিনি শিগগিরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।
সোমবার ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী সাদিক কায়েম ছাত্রশিবিরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শিগগিরই তিনি জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন বলে সূত্রটি জানিয়েছে।
এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ফেসবুকে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুবার সাংগঠনিক সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে এবং তিনি সংগঠন থেকে বিদায় নিয়েছেন।
তিনি ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন। পরে ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। এ নিয়ে আলোচনা শুরু হলে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এ বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে একই অবস্থান তুলে ধরেন।
সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। তিনি নিজেও এখন জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ‘সালমান’ ছদ্মনামে পরিচিত ছিলেন সাদিক কায়েম। সে সময় তিনি আন্দোলনের সংগঠকদের আশ্রয়, বিচ্ছিন্ন নেতাদের সঙ্গে সমন্বয়, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন এবং গণমাধ্যমে আন্দোলনের বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন।
২০২৫ সালের ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন সাদিক কায়েম।







