ইতালিতে একই পরিবারের তিন প্রবাসী বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার এবং কাতারে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি সরকারি খরচে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাতে ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে একই পরিবারের তিনজন প্রবাসী বাংলাদেশি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
নিহতরা হলেন— কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) এবং তাদের পাঁচ বছরের কন্যাসন্তান আরোয়া ইসলাম আরিশা। এই ঘটনায় তাদের অপর সন্তান আমির হোসেন অয়ন (২০) গুরুতর আহত হয়েছেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমি এই হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
আমি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য মহান রবের নিকট দোয়া করছি। আহত সন্তান আমির হোসেন অয়নের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমি ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে জামায়াত নেতা আরো বলেন, গত ২১ জুন কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ নামে পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামে।
উভয় ঘটনায় গভীর শোক প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উভয় দুর্ঘটনায় নিহতদের বাংলাদেশের সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রবাসী হলে সেটি আরও মর্মন্তুদ।
আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের জান্নাতুল ফিরদাউসে দাখিল করার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করছি। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।







