লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তা শুধু ফুটবলেই সীমাবদ্ধ নয়; রাজনৈতিক মতাদর্শের সঙ্গেও তাদের প্রতি মানুষের পছন্দের একটি সম্পর্ক থাকতে পারে বলে দাবি করেছে নতুন এক গবেষণা।
সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক (SSRN)-এ প্রকাশিত ‘Politics Beyond Politics: Messi-Ronaldo Preferences Across 26 Countries’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, বামঘেঁষা বা প্রগতিশীল মতাদর্শের মানুষের মধ্যে মেসির প্রতি ঝোঁক তুলনামূলক বেশি, আর ডানঘেঁষা বা রক্ষণশীল মতাদর্শের মানুষের মধ্যে রোনালদোর জনপ্রিয়তা বেশি দেখা যায়।
গবেষণায় ২৬টি দেশের মোট ১০ হাজার ৬৬১ জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়। ২০২৬ সালের এপ্রিল ও মে মাসে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। বিশ্লেষণে ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ, কর্তৃত্ববাদী প্রবণতা, আত্মমর্যাদাবোধ এবং সংশ্লিষ্ট দেশের ফিফা র্যাঙ্কিংসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়।
ফলাফলে দেখা যায়, যারা নিজেদের প্রগতিশীল হিসেবে পরিচয় দিয়েছেন, তারা তুলনামূলকভাবে মেসিকে বেশি পছন্দ করেন। বিপরীতে নিজেদের রক্ষণশীল হিসেবে চিহ্নিত করা অংশগ্রহণকারীদের মধ্যে রোনালদোর প্রতি ঝোঁক বেশি। গবেষকদের মতে, বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করার পরও মেসি ও রোনালদোর মধ্যে পছন্দ নির্ধারণে সবচেয়ে শক্তিশালী পূর্বাভাসদাতা ছিল রাজনৈতিক অবস্থান।
গবেষণায় আরও বলা হয়েছে, তুলনামূলকভাবে বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার মানুষ মেসির প্রতি বেশি আকৃষ্ট হন। অন্যদিকে কর্তৃত্ববাদী প্রবণতা বা বেশি আত্মমর্যাদাবোধসম্পন্ন ব্যক্তিদের মধ্যে রোনালদোর জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। তবে গবেষকরা এ ফলাফল ব্যাখ্যার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, গবেষণাটি এখনো পিয়ার রিভিউয়ের ধাপে যায়নি এবং সম্পর্ক থাকলেও তার প্রভাব তুলনামূলকভাবে সীমিত।
ফলে গবেষণাটি মেসি-রোনালদো বিতর্কে নতুন একটি দৃষ্টিভঙ্গি যোগ করলেও, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ব্যক্তিগত পছন্দ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত টানা ঠিক হবে না বলেও মনে করছেন গবেষকরা।







