কাতারের শিল্পশহর রাস লফ্ফানের বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড নামের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন ৫৪ জন এবং নিখোঁজ আছেন কমপক্ষে ১৮ জন। গতকাল রোববার সন্ধ্যার দিকে ঘটা এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কাতারের রাষ্ট্রয়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই রোববার রাতে পৃথক বিবৃতিতে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এ দুর্ঘটনা। ফায়ার সার্ভিস এবং বেসামরিক প্রতিরক্ষা (সিভিল ডিফেন্স) বাহিনীর উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজদের সন্ধান পেতে তৎপরতা শুরু হয়েছে।
কাতার বিশ্বের অন্যতম বৃহৎ তরল জ্বালানি গ্যাস বা এলএনজি উৎপাদন ও রপ্তানিকারী দেশ। রাজধানী দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান কৌশলগতভাবে কাতারের খুব গুরুত্বপূর্ণ শহর; কারণ দেশটির অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা এই শহরটিতে অবস্থিত। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডও এমনই একটি এলএনজি প্রস্তুতকারী কারখানা।
সূত্র : রয়টার্স, এএফপি, ফার্স্টপোস্ট







