গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির গাজীপুর মহানগর কমিটির সংগঠকে ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রশক্তির বাকি সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা চালায় তারা।
সোমবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে কলেজ মিলনায়তনে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
আহত নাবিল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
গাজীপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ বলেন, কলেজ শাখা ছাত্রদলের নেতা জাকারিয়া অনিক, কলেজ শাখার আহ্বায়ক সদস্য নাহিদ শিকদার, মিরাজসহ ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নাবিলের উপরে অতর্কিত হামলা চালায়। হামলায় নাবিল গুরুতর আহত হলে কলেজের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা নাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
একপর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোনকল করা হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করে।
তিনি আরও বলেন, এর আগে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে হামলার অভিযোগে জাকারিয়া অনিককে কলেজ থেকে সাময়িক বহিষ্কার হয়েছিল। সম্প্রতি তার বহিষ্কারাদের তুলে নেওয়ার পরপরই এবার ছাত্রশক্তির নেতার উপর হামলা চালিয়েছে অভিযুক্ত জাকারিয়া অনিক।
অন্যদিকে, এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেন ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকারিয়া অনিক।







