সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

Post Image

এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পর উন্নত দেশগুলোতে বিদ্যমান শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা হারানোর কারণে প্রায় সাড়ে ১৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাজার ও পণ্য বহুমুখীকরণের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি জানান।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের ফলে বিভিন্ন উন্নত দেশের দেওয়া বিশেষ বাণিজ্য সুবিধা বন্ধ হয়ে যাবে, যা দেশের রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) চূড়ান্ত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সেপা) নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, আরসিইপি, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা সেপা স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি, ডলার সংকট এবং বৈরী অর্থনৈতিক পরিস্থিতির কারণে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে জ্বালানি, খাদ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে অতিরিক্ত ব্যয় এবং তুলনামূলক ধীর রপ্তানি প্রবৃদ্ধির ফলে বাণিজ্য ঘাটতি আরও বেড়েছে।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি ছিল ২১ দশমিক ৫০ বিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ২৪ দশমিক ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ সময়ে ৭৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের আমদানির বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

মন্ত্রী আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি দেশ ও অঞ্চলে পণ্য রপ্তানি করলেও মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একক খাতের ওপর নির্ভরতা কমাতে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিপণ্য, ওষুধ, তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার সেবা, হালকা প্রকৌশল, হিমায়িত খাদ্য ও মাছ এবং প্লাস্টিক পণ্যসহ সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে আংশিক রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি বিজনেস প্রমোশন কাউন্সিলের মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে এবং ‘রপ্তানি নীতি ২০২৪-২০২৭’ প্রণয়ন করা হয়েছে।

রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার স্বল্পসুদে প্রাক-জাহাজীকরণ ঋণ তহবিল এবং রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ সুবিধা চালু রেখেছে। এছাড়া রপ্তানি, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন উৎসাহিত করতে ‘কাগজ ও প্যাকেজিং’ খাতকে ২০২৬ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ভুটানের সঙ্গে ২০২০ সালে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আওতায় ১০০টি বাংলাদেশি এবং ৩৪টি ভুটানি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে একই ধরনের চুক্তি নিয়ে আলোচনা এগিয়েছে এবং ভারতের সঙ্গে সেপা চুক্তির প্রস্তুতিও চলছে।

তবে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে, বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭ দশমিক ৮৬ বিলিয়ন ডলার, যা সার্ক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এছাড়া আফগানিস্তান, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।

এলডিসি-পরবর্তী সময়ে রপ্তানি সক্ষমতা বজায় রাখা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ যদি মনে করে, তারা তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরবে, তাহলে ভুল করবে

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা