আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশের সব স্তরের নেতৃত্বে ইসলামপন্থীরা থাকবে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির। তাঁর এই অভিমতের সঙ্গে একমত পোষণ করে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন লেখক লাবিব আহসান।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
লাবিব আহসান লেখেন, ধীরগতিতে হলেও পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। তবে নিজেদের প্রস্তুত করতে না পারলে সেটি ইসলামপন্থীদের ব্যর্থতা হবে। তাঁর মতে, সামষ্টিক প্রস্তুতির পাশাপাশি ব্যক্তি পর্যায়েও এখন থেকেই নিজেদের গড়ে তোলার দায়িত্ব নিতে হবে।
তিনি আরও লেখেন, আগামী ২০ বছর পর বাংলাদেশের নেতৃত্বে তারাই আসবে, যারা নিজেদের যোগ্য করে তুলতে পারবে। তাই তুমুল যোগ্য হয়ে ওঠার কোনো বিকল্প নেই।
নিজের পছন্দের ক্ষেত্র বেছে নিয়ে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে লাবিব আহসান বলেন, সবাইকে জননেতা, আমির কিংবা সংসদ সদস্য হতে হবে—এমন ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। কেউ গণমাধ্যমে বিকল্প প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখবেন, কেউ বাংলা একাডেমির মহাপরিচালক হবেন, কেউ পুলিশের আইজি কিংবা বিশ্বজুড়ে পরিচিত লেখক ও আলোচক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
তিনি মনে করেন, নেতৃত্বের প্রস্তুতি শুধু রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং বিভিন্ন পেশা ও প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। আর এ প্রস্তুতি শুরু করতে হবে এখনই।







