বিএনপি নেতৃত্বাধীন সরকারকে ঘিরে নানান ষড়যন্ত্র, প্রচারণা ও অপতৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণার সঙ্গে বটবাহিনীর সম্পর্কও দেখা যাচ্ছে।
শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকার হঠাৎ করে ক্ষমতায় আসেনি। দীর্ঘ ১৮ থেকে ২০ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও গণমানুষের সমর্থনের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থনই বিএনপি সরকারকে এ জায়গায় নিয়ে এসেছে।
এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার মতে, জনগণ বিএনপির সঙ্গে আছে, জনগণ সরকারের সঙ্গে আছে। সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বের প্রতিও জনগণের আস্থা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যরা।







