দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরিবারসূত্রে জানা যায়, অভিনয়শিল্পী সংঘের আজীবন সদস্য আতাউর রহমান গতকাল রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। জোহরের নামাজ শেষে মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে অভিনেতার নিজ বাসভবনের সামনে খোলা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আজ (মঙ্গলবার) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাখা হবে। সবশেষ তাকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।
আগামী জুনে অভিনেতার ৮৫ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।







