রাজধানীর শাহবাগ থানায় উদ্ভূত ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০মিনিটের দিকে শাহবাগ থানায় মামলা করতে যান মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলফি ও ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের হামলায় আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি ও কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানজুর হোসাইন মাহি, সাধারণ সম্পাদক ও স্টার নিউজের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম, ঢাকা মেইলের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইফতেখার সোহান সিফাত, ঢাকা ট্রিবিউনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সামশুদৌজা নবাব।
এর আগে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে আপত্তিকর পোস্ট ছড়ানো হয়। এ ঘটনা নিয়ে স্ক্রিনশটটিকে ভুয়া দাবি করে রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় জিডি করতে যান ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভি। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।







