পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত ও আপত্তিকর পোস্ট দেওয়ায় শাকিল আহমেদ (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শাকিল ওই এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমানের বিতর্কিত ছবি ও পোস্ট শেয়ার করেন। বিতর্কিত ওই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিলো খালি আমাদের বিয়ের কার্ড দিলো না।
পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে দেবীগঞ্জ থানার এসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিলকে আটক করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বিতর্কিত স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। জননিরাপত্তা রক্ষা ও সাইবার অপরাধের অভিযোগে তাকে আটক করা হয়েছে।







