সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহস্রাধিক মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রনি।
শনিবার (৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নেতাকর্মীরা অংশ নেন।
এ বিষয়ে রনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার গুরুদায়িত্বের সাফল্য কামনায় আজকে আমরা সহস্রাধিক মানুষকে ইফতার করিয়েছি।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় জনমানুষের রাজনীতি করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আমাদের এ সুষ্ঠু ধারার রাজনীতি অব্যাহত রাখতে চাই।







