আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া সরকার ইসরায়েল ও লেবানন–এ কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দ্রুত দেশ দু’টি ত্যাগের নির্দেশ দিয়েছে।
বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতার–এ কর্মরত কূটনীতিকদের পরিবারের সদস্যদেরও স্বেচ্ছায় দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষক রাষ্ট্র ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।
আরও পড়ুন
অন্যের সঙ্গে বিয়ে, প্রেমিকাকে বিয়ের অনুষ্ঠানে গুলি করলেন প্রেমিক
গত কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলার বিষয়ে হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সম্ভাব্য হামলার আগের পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নজিরবিহীন সামরিক শক্তি মোতায়েন করেছে। এ নিয়ে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। যদিও বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পারমাণবিক চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনায় বসছে ইরান।
চলতি মাসের শুরুর দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওই আলোচনা শুরু হয়। আলোচনা চললেও একই সময়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনও মাত্রার হামলা হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানবে তেহরান।
তবে তেহরানের শীর্ষ এক কূটনীতিক মঙ্গলবার বলেছেন, কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি ‘হাতের নাগালে’ থাকছে।







