ভারতে আবারও আকাশপথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রাঁচি থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করা একটি এয়ার অ্যাম্বুল্যান্স মাঝ আকাশে নিয়ন্ত্রণ ও যোগাযোগ হারিয়ে ঝাড়খণ্ডে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল Beechcraft C-90 মডেলের, যা পরিচালনা করছিল Redbird Airways Private Limited।
সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি থেকে উড্ডয়ন করার প্রায় ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকাজ ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর রাত ৭টা ৩৪ মিনিটে বিমানটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। পরে চাতরা জেলার সিমারিয়া থানার অন্তর্গত এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, পালামৌ ও লাতেহারের মধ্যবর্তী কোনো স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
বিমানে দুই পাইলট—বিবেক বিকাশ বিলাগত ও সর্বদীপ সিংহ ছাড়াও ছিলেন একজন গুরুতর দগ্ধ রোগী, তার দুই সহকারী, একজন চিকিৎসক এবং একজন প্যারামেডিক। ৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছিল।
জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।







